ফুটবলে আয়ে ফের শীর্ষে রোনালদো, সেরা দশে ঢুকলেন ইয়ামাল

0
ফুটবলে আয়ে ফের শীর্ষে রোনালদো, সেরা দশে ঢুকলেন ইয়ামাল

লম্বা সময় ধরেই বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকায় শীর্ষে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও যথারীতি সেটি ধরে রেখেছেন আল-নাসরের এই তারকা ফরোয়ার্ড। বাণিজ্য বিষয়ক বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফোর্বসের হিসাবে, ২০২৫–২৬ মৌসুমে রোনালদো মোট ২৮০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৩৫০ কোটি টাকা) আয় করবেন। এর মধ্যে ২৩০ মিলিয়ন ডলার আল নাসর থেকে এবং বাকি ৫০ মিলিয়ন ডলার নাইকি, বিনান্স ও হার্বালাইফসহ বিভিন্ন ব্র্যান্ড থেকে। এ নিয়ে গত এক দশকে ষষ্ঠবারের মতো বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হলেন তিনি।

তালিকায় দুই নম্বরে আছেন আল নাসর মহাতারকার চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে তার আয় প্রায় ১৩০ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছেন আল ইত্তিহাদের করিম বেনজেমা (১০৪ মিলিয়ন), চতুর্থ রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন) এবং পঞ্চম ম্যানচেস্টার সিটির আরলিং হালান্ড (৮০ মিলিয়ন)।

ব্রাজিলিয়ান তারকা নেইমার এবার তালিকা থেকে বাদ পড়েছেন। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরার ফলে তার আয় কমে দাঁড়িয়েছে মাত্র ৩৮ মিলিয়ন ডলার— যা তাকে ছিটকে ফেলেছে শীর্ষ দশের বাইরে।

এই তালিকায় ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল। তার আয় ৪৩ মিলিয়ন ডলার।

এছাড়া রিয়াল মাদ্রিদের তরুণ তারকা জুড বেলিংহামও আছেন নবম স্থানে (৪৪ মিলিয়ন ডলার)। তরুণদের এই উত্থানে ফুটবল দুনিয়ায় নতুন প্রজন্মের দাপট স্পষ্ট।

ফোর্বসের হিসাবে, বিশ্বের শীর্ষ দশ ফুটবলার ২০২৫–২৬ মৌসুমে মিলিতভাবে ৯৪৫ মিলিয়ন ডলার আয় করবেন। গত বছরের তুলনায় এটি প্রায় ৪ শতাংশ কমলেও ফুটবল এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক খেলা হিসেবে অবস্থান ধরে রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here