চ্যানেল আই-এর সাবেক বগুড়া প্রতিনিধি প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
শুক্রবার বাদ জুমা রউফ জালালের বাড়িতে গিয়ে পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন তিনি। এ সময় তিনি প্রয়াত এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বগুড়া থেকে বহুল প্রচারিত দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় রউফ জালালের সঙ্গে এক সময় কাজ করতেন আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘মরহুম রউফ জালাল ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আমরা একসঙ্গে অনেকদিন সহকর্মী হিসেবে কাজ করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার স্মৃতিগুলো আমাকে আবেগপ্রবণ করে তোলে। সেজন্য আমি যখনই বগুড়া আসি, রউফ জালাল ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করি।
পারিবারের সদস্যরা জানান, গত ১১ মার্চ দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের সূত্রাপুর এলাকার ভাড়া বাসায় রউফ জালাল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গত ২৪ জানুয়ারি তিনি স্ট্রোক করেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ বোধ করলে বাড়িতে এনে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।
রউফ জালাল ২০০২ সাল থেকে চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

