সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ সচিব কমিটি চালিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে তিতুমীর বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী এগিয়ে নেওয়া হবে। সচিব কমিটি বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সুপারিশ দেবে এবং সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, সাধারণত পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটিই মূল পর্যালোচনার দায়িত্ব পালন করে। একই প্রক্রিয়া অনুসরণ করেই এবারও কাজ এগোবে।
এর আগে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে।
গত ২২ জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।
কমিশনের হিসাব অনুযায়ী, এ সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় প্রায় এক লাখ ৩১ হাজার কোটি টাকা।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের আগে একাধিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে নয় সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এ কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ এর প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ দেবে।
তবে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রেক্ষাপটে দিকনির্দেশনার অভাবে কমিটির কার্যক্রম স্থগিত ছিল। সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কমিটি তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে বলে জানা গেছে।

