ঢাকা-১৭ আসনের বিভিন্ন মন্দিরে উন্নয়ন সহায়তা হিসেবে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। প্রতিটি মন্দিরে ১ কোটি ৩০ লাখ টাকা করে এই অনুদান দেওয়া হবে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তাঁর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি আনুষ্ঠানিকভাবে এই অনুদানের ঘোষণা দেন।
অনুদানপ্রাপ্ত মন্দিরগুলোর মধ্যে রয়েছে মহাখালী বিটিসিএল সার্বজনীন দূর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি উপাসনালয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ, রমেশ দত্ত ও আবদুস সাত্তার পাটোয়ারীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ সময় বক্তারা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের উন্নয়নে সরকার কাজ করছে।
এছাড়া ঢাকা-১৭ আসনে অবকাঠামোগত উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাততলা বস্তি সড়ক উন্নয়ন, বিআরপির অভ্যন্তরীণ রাস্তা ও খেলার মাঠ উন্নয়ন এবং গুলশান-১ ও ২ নম্বর লেকের পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম।
অনুষ্ঠানে আরও জানানো হয়, এসব উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে আরও পদক্ষেপ নেওয়া হবে।

