বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’,’জীবনানন্দ হয়ে, সংসারে আজো আমি’ ‘বন্ধুরে তোর মন পাইলাম না’ ‘এক নয়নে হয়না কান্দন’ সহ বহু কালজয়ী গানের স্রষ্টা ছিলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ৭৮ বছর বয়সী মো. শাহনেওয়াজ বেশ কয়েকবছর ধরেই মন্ট্রিয়লে তার সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর এক ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন বর্তমানে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসাবে কাজ করছেন। মন্ট্রিয়লের লাভাল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, মো. শাহনেওয়াজ বাংলাদেশের প্রথম মিউজিশিয়ান যিনি বিটিভিতে মিউজিক ডিরেক্টর পদে ভূষিত হন। তাঁর সুরারোপিত গানের সংখ্যা ২ হাজারেরও বেশি। বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীরাই তার সুরে গান করেছেন।

