ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বর্ষণের পর পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি অধ্যুষিত রাস আল-আমুদ এলাকায় একটি আবাসিক ভবনে বিশাল আকৃতির এক ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। জেরুজালেম জেলা ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাতে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলি পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া এই বস্তুকে একটি ‘ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ’ হিসেবে বর্ণনা করেছে। তবে এটি ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রের অংশ নাকি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভবন ও এর আশপাশের এলাকায় অনুসন্ধান চালিয়ে কোনো ব্যক্তি আটকা পড়ে থাকার চিহ্ন পাওয়া যায়নি। জনবহুল এই আবাসিক এলাকায় এমন বিশাল ধ্বংসাবশেষ পড়ার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ধ্বংসাবশেষটি সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র: সিএনএন

