কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে আশরাফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে পৌর শহরের কাঁচারীপুকুর এলাকায় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম কাঁচারীপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, আশরাফুল দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। শনিবার দুপুরের দিকে কাচারি পুকুরপাড়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। একটু পরে তিনি তার চোখে-মুখে পানি দিতে পুকুরে নামেন। পরে হঠাৎ পা পিছলে তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয়রা ঘটনা দেখে দৌড়ে এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
নিহতের স্বজনরা জানান, আশরাফুল প্রায় পাঁচ বছর ধরে মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

