ঈদুল আজহার আগে সপ্তাহের শেষ কার্যদিবস রবিবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সাত পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৩৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৮২ ও ২০৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ২২৪ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৯০২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টি কোম্পানির, কমেছে ১৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭১টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।
রবিবার সিএসইতে ২১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

