সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৯ ও ২১৩৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪০টি কোম্পানির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ১৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫০০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর।
সোমবার সিএসইতে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

