প্যারিস সেন্ট জার্মেইর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে চেলসি বিদায় নিয়েছে চেলসি। এরপরই চেলসিতে নিজের ভবিষ্যৎ নিয়ে সন্দেহের মধ্যে পড়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আগামী মৌসুমে চেলসিতে থাকবেন কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
গতকাল মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছে চেলসি। এর আগে প্রথম লেগেও তারা ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দ্য ব্লুজরা।
ম্যাচের পর ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে চেলসিতে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ২৫ বছর বয়সী এনজো। তিনি চেলসিতে থাকবেন কিনা, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না। লিগের আর ৮টি ম্যাচ এবং এফএ কাপ বাকি আছে। সামনে বিশ্বকাপ আছে, তারপর দেখা যাবে কী হয়।
এনজোর মতে, পিএসজির বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে তারা ব্যর্থ হয়েছেন। প্রথম লেগের শেষ ১৫ মিনিটে মনোযোগ হারিয়ে ৩টি গোল হজম করেন তারা। আর এবার ম্যাচের শুরুতেই গোল হজম করে সব এলোমেলো হয়ে গেছে। তার মতে, পিএসজি যোগ্য দল হিসেবেই পরের রাউন্ডে গেছে।
রিস জেমসের অনুপস্থিতিতে চেলসির অধিনায়ক হিসেবে এখন এফএ কাপ জয় এবং আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার দিকেই মনোযোগ দিতে চান এনজো।
তথ্যসূত্র : বিবিসি স্পোর্টস

