পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অচিরেই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি লিগে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
পিসিবির বোর্ড অব গভর্নরসের এক সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের সময় তিনি বলেন, পিএসএল দ্রুতই সেরা লিগে পরিণত হওয়ার পথে এগোচ্ছে।
নাকভি জানান, পিএসএল এখন বিনিয়োগের জন্য অন্যতম সেরা বাজার। খুব বেশি সময় লাগবে না, এটি বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে।
চলমান মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজি নিলামে রেকর্ড গড়া সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে বোর্ড অব গভর্নরস। পিসিবি প্রধানের মতে, বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলছে।
এদিকে লিগে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আলোচনায় এসেছেন পাকিস্তানের ব্যাটার ফখর জামান। বল বিকৃতির অভিযোগে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালে করাচি কিংসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ফখর বল নিয়ে সন্দেহজনক আচরণ করছেন। বিষয়টি আম্পায়ারদের নজরে এলে তারা বিষয়টি পর্যবেক্ষণ করেন।
শেষ দিকে বল পরীক্ষা করে আম্পায়াররা সন্দেহ করেন যে এটি বাহ্যিকভাবে বিকৃত করা হয়েছে। এরপর বল পরিবর্তন করা হয় এবং প্রতিপক্ষ দল লাহোর কালান্দার্সের বিপক্ষে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেও পর্যাপ্ত প্রমাণ থাকায় তা বহাল রাখা হয়। ফলে ফখর জামান ইতোমধ্যে একটি ম্যাচ মিস করেছেন এবং আগামী ম্যাচেও খেলতে পারবেন না।

