পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীনই সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে দেশে ফিরিয়ে নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। ফলে হঠাৎ করেই ধাক্কা খেয়েছে করাচি কিংস।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা গেছে, করাচি কিংসের হয়ে খেলা মোহাম্মদ ওয়াসিম ও খুজাইমা বিন তানভীর বোর্ডের নির্দেশে ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন।
জানা গেছে, এই দুই ক্রিকেটারকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ‘ডি ফিফটি’-তে অংশ নিতে বলা হয়েছে। তবে তারা দুইটি ম্যাচ খেলার পর আবার পিএসএলে নিজেদের দলে ফিরে আসতে পারেন।
করাচি কিংসের পরবর্তী ম্যাচ আগামী ৯ এপ্রিল, প্রতিপক্ষ পেশোয়ার জালমি। তার আগে দুই ক্রিকেটারের অনুপস্থিতি দলটির জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
দলের টিম ডিরেক্টর হায়দার আজহার জানিয়েছেন, ক্রিকেটাররা মঙ্গলবার করাচিতে পৌঁছাবেন এবং বৃহস্পতিবারের ম্যাচের আগেই দলে যোগ দেবেন।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে এবারের পিএসএল নিলামে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভেড়ায় করাচি কিংস। অন্যদিকে খুজাইমা এখনো চলতি আসরে মাঠে নামার সুযোগ পাননি।

