গত ডিসেম্বরে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে আইপিএলের নিলামে নাম লিখিয়ে দল পাননি রিজা হেনড্রিক্স। পরে পিএসএল নিলামে ৪ কেটি ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে কোনো আগ্রহী দলকে পাননি। তবে শেষ পর্যন্ত এই সময়টা ফাঁকা থাকছে না তার। সুযোগ পেলেন তিনি পাকিস্তানের লিগে খেলার।
জনসন চার্লসের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান খেলবেন করাচি কিংসে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান চার্লস ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন পিএসএল থেকে। এতেই দুয়ার খুলে গেছে হেনড্রিক্সের জন্য। কিংসের বিদেশি ক্রিকেটারদের তালিকায় আছেন ডেভিড ওয়ার্নার, মইন আলি, অ্যাডাম জ্যাম্পা, সংযুক্ত আরব আমিরাতে মুহাম্মাদ ওয়াসিমের মতো অভিজ্ঞরা। সেখানে এবার যুক্ত হলেন হেনড্রিক্স।
২৯৬ টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রায় সাড়ে ৮ হাজার রান করেছেন ৫ সেঞ্চুরি ও ৬৪ ফিফটিতে। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান আগে একবার খেলেছেন পিএসএলে। ২০২৪ আসরে মুলতান সুলতানসের হয়ে ৮ ম্যাচে ৩০৪ রান করেছিলেন তিনি ৪৩.৪২ গড় ও ১৩৪.৫১ স্ট্রাইক রেটে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন হেনড্রিক্স। ১ সেঞ্চুরি ও ১৮ ফিফটিতে আড়াই হাজারের বেশি রান করেছেন ১২৯.২০ স্ট্রাইক রেটে। প্রোটিয়ারা এখন আরও বিধ্বংসী টপ অর্ডার বেছে নেওয়ায় গত ডিসেম্বরের পর থেকে আর সুযোগ পাননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। গত পিএসএলে তৃতীয় স্থানে ছিল করাচি কিংস। এবারের পিএসএল শুরু আগামী বৃহস্পতিবার।

