পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দ্বিতীয় দফায় দল পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। প্রথম দফায় অবিক্রীত থাকলেও পরবর্তী ডাকে তাদের দলে ভেড়ায় দুটি ফ্র্যাঞ্চাইজি।
গত আসরের মতো এবারও নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। দ্বিতীয় ডাকে তাকে কিনে নেয় দলটি। প্রথম রাউন্ডে দল না পাওয়ায় নিয়ম অনুযায়ী তার ভিত্তিমূল্য কমে দাঁড়ায় ৬০ লাখ পাকিস্তানি রুপি।
তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনও দ্বিতীয় দফায় দল পেয়েছেন। দারুণ ফর্মে থাকা এই ব্যাটারকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন মুস্তাফিজুর রহমান। ইমনের ভিত্তিমূল্যও কমে ৬০ লাখ রুপিতে নেমে আসে।
এর আগে নিলামের শুরুর দিকে রিশাদ হোসেনকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে কিনে নেয় নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। এখন পর্যন্ত তিন বাংলাদেশি নিশ্চিত করেছেন এবারের পিএসএল অংশগ্রহণ।
এবারের আসরে মোট ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। সর্বোচ্চ ২ কোটি ২ লাখ রুপি ভিত্তিমূল্যে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান।
১ কোটি ১০ লাখ রুপি ক্যাটাগরিতে ছিলেন রিশাদ হোসেন, লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তসহ আরও অনেকে।
৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে ছিলেন আফিফ হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, তানজিম হাসান সাকিবসহ একঝাঁক ক্রিকেটার।

