ধান কাটার মৌসুম শুরুর আগেই প্রস্তুতি হিসেবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ধান শুকানোর জন্য খলা তৈরি করা হয়। সেই খলার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে বড় ভাই সাদেক মিয়ার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে ছোট ভাই ফিরোজ মিয়ার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পর বড় ভাই সাদেক মিয়া অসুস্থ বোধ করেন। পরে তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, গ্রামে ধান শুকানোর জন্য কৃষকরা আগাম উঠানের মতো বড় জায়গা তৈরি করেন, যাকে স্থানীয়ভাবে ‘খলা’ বলা হয়। এই খলার সীমানা নির্ধারণ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল।
ঘটনার দিন পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইও বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ঠেলাধাক্কির ঘটনাও ঘটে। পরে সাদেক মিয়া অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং মারামারির ঘটনা ঘটেনি।
ওসি বলেন, ঘটনাটি নিয়ে কেউ কেউ হত্যার গুজব ছড়াচ্ছে। তাই প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্ত করা হবে।

