ইরানের সব বন্দর অবরোধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বন্দরগুলো নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত মার্কিন অবরোধের মুখে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যদি ইরানের নিজস্ব বন্দরগুলো হুমকির মুখে পড়ে, তবে ‘পারস্য উপসাগর এবং ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।’
পাকিস্তানে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর রবিবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার থেকে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী এবং সেখান থেকে বের হওয়া সমস্ত ট্রাফিক বা নৌ-চলাচলের ওপর অবরোধ আরোপ করবে।
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশের জলসীমায় সার্বভৌমত্ব প্রয়োগ করা এবং আইনগত অধিকার রক্ষা করা তাদের একটি স্বাভাবিক কর্তব্য। তারা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা অব্যাহত রাখবে; তবে কোনো শত্রু-সমর্থিত জাহাজকে এই প্রণালী দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না। অন্যান্য জাহাজকে ইরানের প্রচলিত নিয়ম নীতি সাপেক্ষে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি জাতি ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে শত্রুপক্ষের অব্যাহত হুমকির প্রেক্ষিতে বর্তমান যুদ্ধাবস্থা শেষ হওয়ার পরেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে একটি স্থায়ী ব্যবস্থা বলবৎ রাখা হবে। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বিধি-নিষেধ আরোপকে ‘বেআইনি’ ও ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে ইরান।
সূত্র : সিএনএন।

