পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সিন্ডিকেট ভাঙতে পাবনার বেড়ায় অভিনব এক অভিযান চালিয়েছে প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কাশিনাথপুর মোড়ে সাধারণ যাত্রী সেজে ঝটিকা অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। কোনো প্রটোকল বা পুলিশি পাহারা ছাড়াই ম্যাজিস্ট্রেটের এই সাহসী পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় কাশিনাথপুর মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকরা যাত্রীদের জিম্মি করে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন। এই নৈরাজ্য ঠেকাতে শুক্রবার দুপুরে ছদ্মবেশে মাঠে নামেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি সাধারণ যাত্রী সেজে সিএনজি ভাড়া করতে গেলে চালকরা তার কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি দাবি করেন। এক চালক ৮০ টাকা এবং অন্যরা ৫০ থেকে ৬০ টাকা ভাড়া চাইলে হাতেনাতে প্রমাণ মেলে।
অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পাঁচজন চালককে আর্থিক জরিমানা করা হয়। এর মধ্যে ৮০ টাকা ভাড়া চাওয়া চালককে ১০০০ টাকা এবং বাকি চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না মর্মে তাদের কাছ থেকে কঠোর মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, ঈদ ফেরত যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ও ভাড়া নৈরাজ্য ঠেকাতে এই কৌশল নেওয়া হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি করে যারা অতিরিক্ত অর্থ আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসনের এই পদক্ষেপে দীর্ঘদিনের জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তারা জানান, ম্যাজিস্ট্রেটের সরাসরি হস্তক্ষেপে ভাড়া এখন স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে।

