টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। ভারতের পুনে শহরের এক আইনজীবী পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
আইনজীবী ওয়াজিদ খান পুনের শিবাজি নগর পুলিশ স্টেশনে লিখিত আবেদন জমা দেন। তিনি হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি করেছেন। অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জয় উদযাপনের সময় পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে অশালীন আচরণ করেছেন। ওয়াজিদ খানের আবেদনে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব, এবং এই কাজ প্রযোজ্য আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
পুলিশ জানিয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তবে তদন্ত সংক্রান্ত বিস্তারিত এখনও জানানো হয়নি।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় হার্দিক পান্ডিয়া বলেন, এটি তার ব্যক্তিগত প্রতিশ্রুতির বাস্তবায়ন। তিনি বলেন, ‘২০২৪ সালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল জয়ের পর আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে কোনো টুর্নামেন্টই খেলি, জেতার জন্যই খেলব এবং ট্রফি জিতব। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে এই জয় সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ। এটি কেবল শুরু।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পান্ডিয়া ব্যাট ও বল—দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। টুর্নামেন্টে তিনি দুটি অর্ধশতক করেছেন এবং মোট ৯ উইকেট নিয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল নামিবিয়ার বিপক্ষে তার ২৮ বলে ৫২ রানের ইনিংস। এছাড়া তিনি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন।

