বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দলের যে পারফরম্যান্স দেখা গেছে, সেটিকে ভিত্তি করেই সামনে এগোতে চায় বাংলাদেশ।
সোমবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে টাইগাররা যেভাবে খেলেছিল তা ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত। তার মতে, সেই পারফরম্যান্স থেকে পিছিয়ে যেতে চায় না দল।
তিনি বলেন, বর্তমানে উইকেট আগের তুলনায় ভালো মনে হচ্ছে এবং ভালো উইকেটে খেলতে পারলে ক্রিকেটাররা নিজেদের দক্ষতা আরও ভালোভাবে প্রকাশ করতে পারে।
দলের উন্নতির ক্ষেত্রে মিডল ওভারের পারফরম্যান্সকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশের এই কোচ। তার মতে, ম্যাচের গতি অনেক সময় এই সময়টাতেই নির্ধারিত হয়।
সিমন্স বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আরও উন্নতি করা। বিশেষ করে মিডল ওভারে আমরা এখনও খুব ভালো করতে পারিনি। ব্যাটিংয়ের সময় ওই সময়ে কত রান হচ্ছে, কত সিঙ্গেল বা বাউন্ডারি আসছে এসব বিষয় গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বোলিংয়েও মিডল ওভারে আরও বেশি উইকেট নিতে হবে।’
মিডল অর্ডারের ব্যাটিং প্রসঙ্গে তিনি জানান, দলের ভারসাম্য বজায় রাখার জন্যই কিছু ক্রিকেটারকে ওই পজিশনে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মতে, একজন ব্যাটসম্যান যিনি স্পিন ভালো খেলেন, তাকে মিডল অর্ডারে ব্যবহার করলে দল উপকৃত হতে পারে।
তিনি আরও বলেন, ওই ব্যাটসম্যান এখন নিজের খেলায় বেশ স্বচ্ছন্দ এবং দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত।
আসন্ন ম্যাচগুলোকে সামনে রেখে সিমন্স জানান, শুধুমাত্র বিশ্বকাপ বাছাইয়ের লক্ষ্য নয়, বরং একদিনের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো দল হয়ে ওঠাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য।
তিনি বলেন,’আমাদের কাজ হচ্ছে পয়েন্ট টেবিলে ওপরে ওঠা। শুধু স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে সুযোগ পাওয়ার চিন্তা নয়, আমরা চাই ভালো ক্রিকেট খেলতে এবং ধীরে ধীরে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে।’
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক কঠিন সময় নিয়েও কথা বলেন সিমন্স। তার মতে, সেই সময়টা খেলোয়াড়দের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে দল এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে উঠছে। ঘরোয়া টুর্নামেন্টও এতে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

