দীর্ঘদিনের উত্তেজনার পর পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাতে আফগান সেনাদের হামলার পর পাকিস্তান বিমান হামলা শুরু করে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সামরিক শক্তিতে কে এগিয়ে।
সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যে দেখা যায়, সেনা সংখ্যায় পাকিস্তান অনেক এগিয়ে। দেশটির সক্রিয় সেনা সদস্য প্রায় ৬ লাখ ৬০ হাজার। অন্যদিকে আফগানিস্তানের সেনা রয়েছে প্রায় ১ লাখ ৭২ হাজার।
স্থল শক্তির ক্ষেত্রেও পার্থক্য স্পষ্ট। পাকিস্তানের অন্তত ৬ হাজার সাঁজোয়া যান রয়েছে। পাশাপাশি আছে ৪ হাজার ৬০০ কামান। আফগানিস্তানের কিছু সাঁজোয়া যান থাকলেও সেগুলোর বেশিরভাগ পুরোনো সোভিয়েত আমলের। সঠিক সংখ্যা নিশ্চিত নয়।
আকাশ শক্তিতে ব্যবধান আরও বড়। পাকিস্তানের কাছে রয়েছে ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টি হেলিকপ্টার। আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। তাদের কাছে কিছু পুরোনো বিমান ও হেলিকপ্টার থাকলেও সেগুলো কতটা সক্রিয়, তা স্পষ্ট নয়।
পারমাণবিক শক্তির দিক থেকে চিত্র একেবারেই একপেশে। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ। তাদের কাছে রয়েছে প্রায় ১৭০টি পারমাণবিক ওয়ারহেড। আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই।
বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সামরিক সক্ষমতার এই তুলনাই পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরছে।
সোর্সঃ আলজাজিরা

