‘পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, নিশ্চিত আইসিসি কড়া পদক্ষেপ নেবে’

0
‘পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, নিশ্চিত আইসিসি কড়া পদক্ষেপ নেবে’

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নিলেও ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। দলটির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই-এর যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। তার মতে, এটি ‘যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী’। 

বৃহস্পতিবার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৬ ফাইনালের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া।

তিনি বলেন, ‘পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী। আমি নিশ্চিত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো।’

আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন, ‘এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।’

এর আগে বৃহস্পতিবারই ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব বিসিসিআইয়ের অবস্থানের সঙ্গে একমত পোষণ করে বলেন, পাকিস্তানের বয়কটের সিদ্ধান্ত সত্ত্বেও ভারতের প্রস্তুতিতে কোনো পরিবর্তন নেই। কলম্বোতে অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে। গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের পাশাপাশি নেদারল্যান্ডসও রয়েছে।

সূত্র: এএনআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here