পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ভিডিও ভাইরাল, ভারতীয় সংগীত পরিচালককে বয়কটের ডাক

0
পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ভিডিও ভাইরাল, ভারতীয় সংগীত পরিচালককে বয়কটের ডাক

জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক তথা প্রখ্যাত সংগীত পরিচালক বিশাল দাদলানিকে নিয়ে উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। লন্ডনে এক বিতর্কিত পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ তাকে বয়কটের ডাক দিয়েছেন। এমনকি সনি টিভির এই জনপ্রিয় শো থেকে তাকে অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল দাদলানি পাকিস্তানি সাংবাদিক সাফিনা খানের সঙ্গে অত্যন্ত সহজভাবে কথা বলছেন। 

উল্লেখ্য, সাফিনা খান ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত। লন্ডনের একটি পাবলিক ইভেন্টে তাদের এই আলাপচারিতার দৃশ্যটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এবং বিতর্কিত ভাবমূর্তির এক সাংবাদিকের সঙ্গে বিশালের এই ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না অনেক ভারতীয় নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ক্ষোভ উগরে দিয়ে অনেক ব্যবহারকারী দাবি করেছেন, বিশাল দাদলানি ভারতের সার্বভৌমত্বকে অসম্মান করেছেন। কেউ কেউ তাকে ‘দেশবিরোধী’ তকমা দিয়ে ইউএপিএ আইনের আওতায় আনার দাবিও তুলেছেন। 

অনেক দর্শক আবার সনি টিভিকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিশালকে বিচারকের আসন থেকে না সরানো হলে তারা শোটি দেখা বন্ধ করে দেবেন। তবে এই ক্রমবর্ধমান বিতর্কের মুখে বিশাল দাদলানি বা সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের তিক্ত সম্পর্ক এবং একাধিক যুদ্ধের ইতিহাসের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা সাধারণ মানুষের আবেগকে দারুণভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে সাফিনা খানের বিতর্কিত রাজনৈতিক অবস্থানের কারণে বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে দেখছেন নেটিজেনরা।

সূত্র: মিড-ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here