পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দারুণ সেঞ্চুরি করে কামব্যাকের বার্তা দিলেন ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৫৬ বলে ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক হিসেবে পরিচিত সঞ্জু, আইপিএলে নতুন দলের জার্সিতে প্রথম তিন ম্যাচে ব্যর্থ ছিলেন। তবে চতুর্থ ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন তিনি।
চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিং করেন সঞ্জু। ইনিংসের এক প্রান্ত আগলে রেখে ধীরে ধীরে গড়ে তোলেন বড় ইনিংস। মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।
৫২ রানে থাকা অবস্থায় তার সহজ একটি ক্যাচ মিস করেন পাথুম নিশঙ্কা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সঞ্জুকে। ৫১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ১৫টি চার ও চারটি ছক্কা। আইপিএল ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি এবং চেন্নাইয়ের হয়ে প্রথম শতক।

