ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নার্সের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজ্যে এটিই নিপা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে (নারায়ণা হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ওই নার্সের বয়স ছিল ২৫ বছর। তিনি ওই হাসপাতালেরই কর্মী ছিলেন। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এলাকায় নিজ বাড়িতে ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। গত ৩১ ডিসেম্বর নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রথমে কাটোয়া হাসপাতালে ভর্তি হন। পরে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে দুই দিন আইসিইউতে চিকিৎসা নেন।
অবস্থার উন্নতি না হওয়ায় ৪ জানুয়ারি বিশেষ অ্যাম্বুলেন্সে করে তাকে বারাসাতের কর্মস্থল হাসপাতালে আনা হয়। সেখানে আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। ১১ জানুয়ারি তার নমুনা পরীক্ষায় নিপা ভাইরাস শনাক্ত হয়।
চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকার ফলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। এর সঙ্গে ফুসফুসে সংক্রমণও দেখা দেয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে একই সময়ে তার এক সহকর্মী পুরুষ স্বাস্থ্যকর্মীও নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে গত ৩০ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
ঘটনার পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল পশ্চিমবঙ্গে এসে পরিস্থিতি পর্যালোচনা করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, খেজুরের রস পান করার মাধ্যমেই ওই নার্স ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

