পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় নারী গ্রেফতার

0
পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় নারী গ্রেফতার

বিশ্বখ্যাত পপ তারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ক্যালিফোর্নিয়ার এই বিলাসবহুল বাসভবন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি)। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের দেওয়া তথ্যমতে, রিহানার বাড়ির মূল ফটক লক্ষ্য করে আনুমানিক ৫ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। গুলিগুলো সরাসরি বাড়িতে না লাগলেও ফটকের ক্ষতি হয়েছে। ঘটনার সময় বাড়ির ভেতরে বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন, তবে তারা সবাই সুরক্ষিত আছেন। 

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে ওই নারীর পরিচয় বা হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ব্যক্তিগত জীবনে রিহানা বর্তমানে তার তিন সন্তানের জননী। গত মে মাসে মেট গালায় তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনার পর সেপ্টেম্বর মাসে তিনি সন্তান জন্ম দেন। দীর্ঘ বিরতির পর বর্তমানে তিনি তার নবম স্টুডিও অ্যালবাম নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। ২০১৬ সালে তার সর্বশেষ অ্যালবাম ‘অ্যান্টি’ মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে নতুন গানের অপেক্ষা করছেন।

এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় রিহানার প্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এই ঘটনার পর লস অ্যাঞ্জেলেসের হাই-প্রোফাইল এলাকাগুলোতে সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here