পটুয়াখালী-৪; ভোটের লড়াই ধানের শীর্ষ-হাতপাখায়

0
পটুয়াখালী-৪; ভোটের লড়াই ধানের শীর্ষ-হাতপাখায়

সাগরপাড়ের জনপদ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থী ও সমর্থকেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। শহর থেকে গ্রামাঞ্চলের হাট-বাজার ও চায়ের দোকানগুলো পরিণত হয়েছে নির্বাচনী আলোচনার কেন্দ্রে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটের অঙ্ক কষছেন সাধারণ মানুষ। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঘনিয়ে আসায় বাড়ছে উৎসব ও উত্তেজনা।

তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—বিএনপি সমর্থিত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মো. মোস্তাফিজুর রহমান, ১০ দলীয় জোট সমর্থিত দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফত মজলিসের ডা. জহির উদ্দিন আহমেদ এবং গণধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. রবিউল হাসান। তবে স্থানীয় পর্যবেক্ষকদের মতে, মূল লড়াই হবে ধানের শীর্ষ ও হাতপাখার মধ্যে।

এদিকে এবারের নির্বাচনের বিশেষ আকর্ষণ হিসেবে ভোটাররা অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করছেন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় জনমনে কৌতূহলও বাড়ছে। ভোটাররা সৎ, যোগ্য, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার এবং উন্নয়ন ও নারীর কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া প্রার্থীকে বেছে নিতে আগ্রহী বলে জানিয়েছেন।

নদীবেষ্টিত কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনটি ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে দেশের তৃতীয় বৃহত্তম সমুদ্রবন্দর পায়রা, তাপবিদ্যুৎ কেন্দ্র, শের-ই-বাংলা নৌঘাঁটি, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এবং আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র কুয়াকাটা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া জানান, ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৬০৮ জন। নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here