‘২০৫০ এর পঞ্চগড় এবং বাংলাদেশ’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ‘তোমার কথা শুনবে বাংলাদেশ’ শিরোনামে এ আয়োজন করে নুর ও নাজাত ফাউন্ডেশন।
শুক্রবার বিকেলে পঞ্চগড়ের ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গত অক্টোবর মাসে পঞ্চগড়-১ আসনের স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই রচনা প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। এতে তিন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ১ হাজার ১০০ শিক্ষার্থী তাদের লিখিত রচনা উপস্থাপন করে।
প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে ৮৫ জনকে চার লাখ টাকার চেক এবং বই উপহার দেওয়া হয়। প্রত্যেক ইউনিয়ন থেকে একজন, প্রত্যেক উপজেলা থেকে একজন পৌরসভার প্রতিওয়ার্ড থেকে একজন এবং পঞ্চগড়-১ আসন থেকে তিনজনকে এই পুরস্কার দেওয়া হয়।
এ আয়োজনে প্রথম হয়েছে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী দেবনগর গ্রামের আব্দুস ছালামের মেয়ে সানজিতা বেগম। দ্বিতীয় স্থান লাভ করেছে যথাক্রমে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে জেরিন আক্তার জুঁই। তৃতীয় স্থান লাভ করে ধামোর এলাকার মোস্তফা কামালের ছেলে নওশাদ কামাল।
নূর ও নাজাত ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নওফল জমিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরুক হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. নাইম আক্তার সিদ্দিক, রুপালী ব্যাংকের পরিচালক এ এইচ এম মঈন উদ্দীন।
অনুষ্ঠানে জেলার সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

