নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

0
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩ থেকে ৪ জনের একটি দল সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত ফারুককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, “ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।”

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, “অজ্ঞাত সন্ত্রাসীরা আকস্মিকভাবে ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্থানীয় কোনো গ্যাং-সংক্রান্ত ঘটনা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here