টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচেই চমকে দেখাল নেপাল। ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে দলটি। জেতার খুব কাছে এসেও জয় তুলে নিতে পারেনি নেপাল।
পুরো ম্যাচজুড়ে ইংল্যান্ডকে চাপে রেখেছিল দলটি। নেপালের আগ্রাসী মানসিকতা ও লড়াকু ক্রিকেট প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে।
তাদের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন। নেপালের খেলা দেখে এতই মুগ্ধ হয়েছেন যে তিনি কোচিংয়ের প্রস্তাব দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টেইন লিখেছেন, ‘নেপাল, তোমাদের যদি কখনো আমাকে প্রয়োজন হয়, আমি আমার সেবা দিতে প্রস্তুত! উপরে উঠতে থাকো, উঠতে থাকো এবং উঠতে থাকো।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪ রানে হেরে যায় নেপাল। শেষ ৬ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে প্রয়োজন ছিল ৬২ রান। শেষ ওভারে সমীকরণ নেমে আসে ১০ রানে। কিন্তু স্নায়ুচাপে ভেঙে না পড়ে নিখুঁত বোলিং করেন স্যাম কারেন। তার শেষ ওভারের দৃঢ়তায় তীরে এসে তরী ডোবে নেপালের।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৮৪ রান। ইংলিশ ইনিংসে ফিফটি করেন অধিনায়ক হ্যারি ব্রুক ও তিন নম্বরে নামা জ্যাকব বেথেল। শেষদিকে উইল জ্যাকসের ঝড়ো ইনিংসে শক্ত ভিত পায় ইংল্যান্ড। ৪টি ছক্কা ও ১টি চারে মাত্র ১৮ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি।
জবাবে নেপাল শুরু থেকেই লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮০ রানেই থামে তাদের ইনিংস। লোকেশ বমের ২০ বলে ৩৯ রানের ঝকঝকে ইনিংসটি জয় এনে দিতে না পারলেও নেপালের সাহসী লড়াইয়ের প্রতীক হয়ে থাকে।

