সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে কাকড়া ধরে নিয়ে যাওয়ার পথে বনরক্ষীদের হাতে ৪ জেলে আটক হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন ছুলিয়ার খালের মুখ থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার ও একটি নৌকাসহ ৮০ কেজি কাকড়া জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন রফিক মোল্লা (৪৮), রউফ মোল্লা (৪৫), আলামিন শেখ (৩১) ও আছাদুল শেখ (৩০)। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোলমবাড়ীয়া গ্রামে। আটক জেলেদের শুক্রবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরবন বিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন ছুলিয়ার খালের মুখে অভিযান চালান। অভিযানে চার জেলেসহ একটি ট্রলার ও একটি ডিঙ্গি নৌকা আটক করা হয়। পরে ট্রলার ও নৌকায় তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় ঝুড়িতে লুকিয়ে রাখা ৮০ কেজি কাকড়া জব্দ করা হয়।
সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাকড়া ধরার অপরাধে বন আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকালে আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

