বগুড়ায় নিষিদ্ধ টেক্সটাইল রঙ ব্যবহার করে শিশুখাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে মেসার্স আবিদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বগুড়া শহরের আটাপাড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, ঘণ্টাব্যাপী অভিযান চলাকালে কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রঙ মিশিয়ে শিশুখাদ্য তালমিছরি তৈরি করতে দেখা যায়। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, নকল মোড়কে তালমিছরি প্যাকেটজাত করা এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স আবিদ ট্রেডার্সকে ৫ লাখ টাকা জরিমানা করেন।
এসময় অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেলসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

