নিরাপত্তা শঙ্কায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

0
নিরাপত্তা শঙ্কায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার ক্লাব ফুটবলে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাত ক্রমশ তীব্র হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের আগামী দুই দিনের সব ম্যাচ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

রবিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এএফসি জানায়, অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ কর্মকর্তাসহ সমর্থকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরে ঘোষণা করা হবে।

মূলত সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার কাতারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সৌদি আরবের আল-আহলি মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক আল-দুহাইলের। একই দিনে আমিরাতে শাবাব আল-আহলি খেলত ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে।

মঙ্গলবার নির্ধারিত ছিল আরও দুটি হাইভোল্টেজ লড়াই- কাতারের আল-সাদ বনাম সৌদি আরবের আল-হিলাল এবং আমিরাতের আল-ওয়াহদা বনাম আল-ইত্তিহাদ। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে ম্যাচগুলো আপাতত মাঠে গড়াচ্ছে না।

শুধু এলিট প্রতিযোগিতাই নয়, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২–এর কোয়ার্টার ফাইনালের সূচিও বদলে গেছে। কাতারের আল-আহলি ও জর্ডানের আল-হুসেইনের ম্যাচসহ আল-ওয়াসল ও আল-নাসরের লড়াইও স্থগিত করা হয়েছে। তবে পূর্বাঞ্চলীয় অঞ্চলের ম্যাচগুলো আগের সূচি অনুযায়ী আয়োজন করা হবে বলে জানিয়েছে এএফসি।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরানের পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার খবরের পর নিরাপত্তা উদ্বেগ বেড়েছে, বন্ধ রয়েছে অঞ্চলের বেশিরভাগ বিমানবন্দরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here