ইরান সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের সাহসী অবস্থানের কারণে ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারত ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী মন্দানা করিমি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন যে, ক্রমবর্ধমান হুমকি এবং একাকিত্বের বোধ থেকেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তবে ঠিক কোথায় যাচ্ছেন বা নিরাপত্তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কী, তা দেশ ছাড়ার আগে প্রকাশ করতে অনিচ্ছুক এই অভিনেত্রী।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামলের কড়া সমালোচক হিসেবে পরিচিত মন্দানা দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয়। নিজের দেশের মানুষের অধিকার এবং বাস্তব পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তাকে চড়া মূল্য দিতে হয়েছে বলে তিনি জানান।
মন্দানা স্পষ্ট করে বলেছেন যে, ভারতে থেকে ইরানের সমর্থনে আওয়াজ তোলা, কর্মকর্তাদের মুখোশ উন্মোচন করা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাওয়া এখন তার জন্য অর্থহীন হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই লড়াইয়ের কারণে তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি পেতে হয়েছে বলেও তিনি দাবি করেন।
হতাশা ব্যক্ত করে মন্দানা জানান, এই কঠিন সময়ে তিনি বন্ধু-বান্ধব, সরকার বা সংবাদমাধ্যম—কারও কাছ থেকেই কোনো ধরনের সহযোগিতা পাননি। ভারতের মাটিতে নিজেকে আর নিরাপদ মনে না করার এটিই প্রধান কারণ। তবে সমর্থন না পেলেও নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। তার মতে, সবকিছুই হচ্ছে ইরান এবং নিজের দেশের মানুষের স্বার্থে। ভবিষ্যতে প্রয়োজনে আবারও তিনি একইভাবে সোচ্চার হবেন।
দেশ ছাড়ার ঘোষণা দিলেও ইরানের মুক্তি আন্দোলনের প্রতি তার সংহতি আগের মতোই অটল রয়েছে। রেজা পাহলভির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে মন্দানা জানান, ইরানের রাস্তাঘাট ও বিশ্ববিদ্যালয় থেকে যে পরিবর্তনের ডাক শুরু হয়েছে, এবার তা অনেক বেশি সুসংগঠিত।
ভারত ছাড়লেও বিদেশের মাটিতে বসে নিজের দেশের মানুষের জন্য লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
সূত্র: এনডিটিভি

