টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠার লক্ষ্যে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড। যাদের প্রতিপক্ষ ইংল্যান্ড এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই ম্যাচ জিতলেই গ্রুপ–২ শীর্ষে থেকে শেষচারের টিকিট কাটবে কিউইরা।
হিসেবে নিকেশ মিলিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোখ থাকবে পাকিস্তানের। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচ। নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার্সের দৃঢ়বিশ্বাস, ইংল্যান্ডকে হারিয়েই তারা সেমি নিশ্চিত করবেন। তবে হেরে গেলে সমীকরণ জটিল হয়ে যাবে।
সেক্ষেত্রে আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিদায় নিশ্চিত হওয়া শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি খেলার সুযোগ তৈরি হবে পাকিস্তানের। তখন সেমিফাইনালের জন্য ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। কিউইদের পয়েন্ট ৩ ও পাকিস্তানের ১।
সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যাটিংয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে নিউজিল্যান্ডের। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দলটি গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৬৮ রানে পৌঁছায় কিউইরা। পরে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে বিদায়ের পথ দেখিয়েছে। আজ অবশ্য কোনও ভুলের সুযোগ নেই। নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার্স নিজেও শিষ্যদের ওপর আস্থা রাখছেন।
নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও ইংল্যান্ডের শক্তিমত্তা সম্পর্কে সতর্ক। শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেট নেওয়া রাচিন বলেছেন, ‘এ ধরনের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস থাকেই, বিশেষ করে যখন আমরা জানি উইকেট কেমন আচরণ করবে। তবে ইংল্যান্ডকে খাটো করে দেখা বোকামি হবে। তারা নিঃসন্দেহে মানসম্মত দল এবং বোলিংয়ে সেটির প্রমাণ দিয়েছে।’

