নাসার মিশনে একসঙ্গে চাঁদে যাচ্ছে আইফোন-এন্ড্রয়েড

0
নাসার মিশনে একসঙ্গে চাঁদে যাচ্ছে আইফোন-এন্ড্রয়েড

চাঁদ অভিযানে এবার নতুন সঙ্গী হতে চলেছে আমাদের নিত্যদিনের স্মার্টফোন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আসন্ন ‘আর্টেমিস ২’ মিশনে প্রথমবারের মতো চাঁদের কক্ষপথে যাচ্ছে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন। 

২০২৬ সালের মার্চ মাসে চারজন নভোচারী নিয়ে মহাকাশযানটি উড্ডয়ন করার কথা রয়েছে। যদিও এর আগেও বিভিন্ন সময় মহাকাশে স্মার্টফোন পাঠানো হয়েছে, তবে সেগুলো ছিল বিশেষভাবে পরিবর্তিত বা সায়েন্টিফিক কাজে ব্যবহৃত ডিভাইস। এবারই প্রথম নভোচারীরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য আধুনিক স্মার্টফোন সঙ্গে রাখার অনুমতি পাচ্ছেন।

নাসার বর্তমান প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দেন। তিনি জানান, ক্রু-১২ এবং আর্টেমিস ২ মিশনের নভোচারীরা তাদের পছন্দের লেটেস্ট স্মার্টফোনগুলো ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নভোচারীরা যেন তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো পরিবারের সাথে শেয়ার করতে পারেন এবং উচ্চমানের ছবি ও ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষকে মহাকাশ ভ্রমণে অনুপ্রাণিত করতে পারেন। এতদিন মহাকাশে ছবি তোলার জন্য মূলত পুরোনো মডেলের ডিএসএলআর বা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করা হতো, কিন্তু আধুনিক স্মার্টফোনের উন্নত ক্যামেরা প্রযুক্তি এখন সেই জায়গা দখল করতে যাচ্ছে।

অবশ্য মহাকাশে স্মার্টফোন নিয়ে যাওয়ার বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। সাধারণত ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটার ঝুঁকি থাকে কিংবা ফোনের চিপ থেকে মহাকাশযানের সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে। এর আগে ২০১১ সালে যখন আইফোন ৪ বা নেক্সাস এস মহাকাশে পাঠানো হয়েছিল, তখন সেগুলোর ব্যাটারি এবং নেটওয়ার্কিং চিপে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছিল। তবে আইজ্যাকম্যানের মতে, নাসা এখন এসব জটিল প্রক্রিয়া আরও আধুনিক ও সহজ করার চেষ্টা করছে যাতে সাধারণ বাণিজ্যিক ডিভাইসগুলোকেও নিরাপদে মহাকাশে ব্যবহার করা যায়। যদিও নির্দিষ্ট কোনো মডেলের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আইফোন বা স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের শীর্ষ ফোনগুলোই চাঁদের পথে যাত্রা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here