পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন মহানগর বিএনপির নেতা, মহানগর যুবদলের সাবেক সভাপতি, মানবিক সংগঠন টিম খোরশেদের টিম লিডার ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোক্তা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি হাসপাতালের রোগী, ডাক্তার, নার্স ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ঈদের শুভেচ্ছা, খাবার ও উপহার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
শনিবার (২১ মার্চ) ঈদের নামাজের পর শহরের চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ এবং ৩০০ শয্যা হাসপাতাল ও ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
খোরশেদ জানান, ঈদের আনন্দ যখন পরিবার-পরিজনকে ঘিরে থাকে, তখন অনেকেই দায়িত্ব বা অসুস্থতার কারণে সেই আনন্দ থেকে দূরে থাকেন। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করছি ঈদের দিনটিকে কিছুটা আনন্দময় করে তুলতে তাদের জন্য, যারা পরিবার থেকে দূরে আছেন। হাসপাতালে ভর্তি রোগী ও ট্রাফিক পুলিশদের জন্য সামান্য উপহার নিয়ে তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি।
এ সময় উভয় হাসপাতালের নার্স ও রোগীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝেও উপহার বিতরণ করা হয়।
খোরশেদ বলেন, ট্রাফিক পুলিশরা ঈদের দিনও রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করেন, যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। হাসপাতালে থাকা রোগীরাও এই দিনে আপনজনদের কাছ থেকে দূরে থাকেন, আর নার্সরা তাদের নিরলস সেবা দিয়ে যান। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার মাহমুদ বকুল, বাচ্চু বেপারী, শওকত খন্দকার ও আফজাল হোসেন প্রমুখ।

