পাকিস্তান সুপার লিগে আবারও দেখা যাবে মুলতান সুলতান্সকে। নতুন মৌসুমে অভিষেক হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ নিজেদের নাম পরিবর্তন করে মুলতান সুলতান্স রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির এ ঘোষণা দেন। তাঁর পাশে ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার গোহার শাহ। এর আগে মুলতান সমর্থকদের উদ্দেশে নাসির সুখবরের ইঙ্গিত দিয়েছিলেন।
নাসির জানান, দায়িত্ব নেওয়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডে নাম পরিবর্তনের আবেদন করেন গোহার শাহ। এককালীন ফ্র্যাঞ্চাইজি ফি দিতে সম্মত হওয়ায় আবেদন অনুমোদন করা হয়েছে। ফলে দলটি আবারও মুলতান সুলতান্স নামেই খেলবে।
নাম পরিবর্তনের ফির পাশাপাশি নতুন মালিক সিডি ভেঞ্চারস বার্ষিক ফ্র্যাঞ্চাইজি ফি ২০০ কোটি পাকিস্তানি রুপিতে উন্নীত করতে সম্মত হয়েছে। নাসিরের মতে, পিএসএলে প্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে ‘মুলতান সুলতান্স’ নামটির আলাদা মূল্য রয়েছে।
গত মাসে আগের মালিক আলি তারিন লিজ নবায়ন না করায় ফ্র্যাঞ্চাইজিটি নিলামে ওঠে। সর্বোচ্চ ২৪৫ কোটি রুপি বার্ষিক ফিতে সেটি কিনে নেয় ওয়ালি টেকনোলজিস। পরে দলটিকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নতুন নামে পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আট মৌসুম পর পিএসএল থেকে মুলতানের বিদায় কার্যত নিশ্চিত হয়েছিল।
তবে মালিকানা জটিলতার পর স্ট্যালিয়নজ ফ্র্যাঞ্চাইজির ৯৮ শতাংশ শেয়ার কিনে নেয় সিডি ভেঞ্চারস। নতুন মালিকানার প্রতিনিধি হিসেবে গোহার শাহ প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।
পিএসএলের নতুন মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স মুখোমুখি হবে নতুন ফ্র্যাঞ্চাইজির।

