কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর গ্রামে হামলার ঘটনায় ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা’ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রবিবার বিকালে কাকৈরতলা ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর, সাবেক সভাপতি কামরুল হোসেন স্বপন, বিএনপি নেতা আবু বাহার মজুমদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বলেন, গত ৪ এপ্রিল কাজী নোমান স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি ভিত্তিহীন মামলা দায়ের করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়, বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতার বাড়িতে হামলা চালিয়েছে।
তিনি দাবি করেন, সামাজিক মাধ্যমে প্রচারিত ওই সংবাদ সম্পূর্ণ বানোয়াট। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। স্থানীয়ভাবে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের বিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি।
আবুল বশর অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কাজী নোমানের ভাই কাজী জাফরের দেওয়া একটি স্ট্যাটাস নিয়ে ছাত্রদল নেতা পারভেজ মজুমদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেখানে বিএনপি নেতা আমান উল্লাহ সমাধান করার চেষ্টা করলে তার গায়ে কাজী জাফর হাত তোলেন। সেই ঘটনাকে ভিন্নখাতে নিতে পরিকল্পিতভাবে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। এ ঘটনায় বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন।
বক্তারা দ্রুত মামলা প্রত্যাহার, নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বন্ধ এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। তারা বলেন, এ ধরনের মিথ্যা মামলা ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিন মজুমদার, বিএনপি নেতা মাঈন উদ্দিন, আইয়ুব আলী মেম্বর, কবির হোসেন, নুরুল ইসলাম মেম্বর, গাজী জাফর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে কাকৈরতলা বাজারে বিক্ষোভ মিছিল করেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

