যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নরসিংদীতে পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
সকাল সাড়ে ৭টায় নরসিংদী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক ও জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ দুঃখজনকভাবে আজও সব ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে বাংলা ভাষার রাষ্ট্রীয় ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি, খুব দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্রের সব স্তরে বাংলা ভাষার কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। মাতৃভাষাকে সর্বক্ষেত্রে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।
এর আগে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রভাতফেরিতে অংশ নিতে শহরজুড়ে মানুষের ঢল নামে। সাদা-কালো পোশাকে, খালি পায়ে এবং ফুল হাতে অংশগ্রহণকারীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে মুখরিত করে তোলে ডিসি অফিস থেকে কলেজ রোড এলাকা। বিভিন্ন বয়সী মানুষ সরকারি কলেজ শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

