নবীনগরে খাল খনন কর্মসূচি উদ্বোধন

0
নবীনগরে খাল খনন কর্মসূচি উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেছেন, বিএনপি কথার রাজনীতি করে না, বাস্তব উন্নয়নের রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে গুরুত্বপূর্ণ ৮টি প্রকল্প ইতোমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন শুরু হয়েছে। নির্বাচনের কালি শুকানোর আগেই উন্নয়ন কাজ শুরু হয়েছে। তাই এটাই প্রমাণ করে বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।

রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর-কালীপুরা খালে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও জনগণের কল্যাণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, ইব্রাহিমপুর-কালীপুরা খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, উন্নত হবে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বাড়বে কৃষি উৎপাদন। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল পুনঃখনন করা হবে বলেও জানান তিনি।

এসময় প্রশাসনের উদ্দেশ্যে এমপি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। তিনি খাল খনন কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার, ইউপি চেয়ারম্যান আবু মুছাসহ জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here