নবীনগর উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান।
তিনি বলেছেন, ‘যেকোনো মূল্যে অবৈধ বালুমহাল বন্ধ করতে হবে। যারা ইজারার শর্ত ভেঙে কৃষিজমি ধ্বংস করছে এবং অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, তাদের দ্রুত আইনের আওতায় নেওয়া হবে।’
গতকাল সোমবার উপজেলার চরলাপাং এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানিতে অংশ নিয়ে তাদের অভিযোগ ও প্রস্তাব শোনেন।
গণশুনানিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, একটি ইজারাদার প্রতিষ্ঠান নাসিরাবাদ মৌজায় ইজারা গ্রহণ করেছে। কিন্তু তারা অবৈধভাবে দীর্ঘদিন সাহেবনগর ও চরলাপাং এলাকায় বালু উত্তোলন করে আসছে। এতে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে, ফসলি জমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।
তারা আরও জানান, গত রবিবার সকালে গ্রামবাসী বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাদের ওপর সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলে ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, ‘নবীনগরে কোনো অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না। যেকোনো মূল্যে অবৈধ বালুমহাল বন্ধ করতে হবে।’
তিনি জানান, প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এস কে হেলাল, সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহীন।
এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার কমিশনারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

