নদিয়ার পলাশী মনুমেন্ট থেকে ‘বাবরি যাত্রা’

0
নদিয়ার পলাশী মনুমেন্ট থেকে ‘বাবরি যাত্রা’

বুধবারই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। এর একদিন পর এবার বাবরি যাত্রার সূচনা হলো। বৃহস্পতিবার সকালের দিকে নদিয়া জেলার পলাশী মনুমেন্ট মোড় থেকে এই বাবরি যাত্রা শুরু হয়। 

মূলত বাইক র‍্যালির মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়। অনুগামীদের সাথে নিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে বাইক চালিয়ে এই র‌্যালিতে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক এবং ‘জনতা উন্নয়ন পার্টি’র (জেইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির। মোটর বাইকের পিছনে নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে বসিয়ে বাইক চালাতে দেখা যায় হুমায়ুন কবিরকে। 

পলাশী থেকে বাইক র‍্যালির মাধ্যমে বাবরি যাত্রা গিয়ে থামে মুর্শিদাবাদের রেজিনগর। সেখান থেকে অনুগামী, সমর্থকদের সাথে নিয়ে কিছুটা পথ পায়ে হাঁটেন হুমায়ুন কবির, এরপর কিছুটা পথ হুড খোলা গাড়িতে করে বেলেডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণস্থলে গিয়ে পৌঁছয় ওই যাত্রা। এর মধ্যে দিয়েই মোট ২২ কিলোমিটার দীর্ঘ এই বাবরি যাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। 

যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পলাশী থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে শুক্রবার রাতে এই বাবরি যাত্রার সমাপ্তি হওয়ার কথা ছিল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। কিন্তু রাজ্যটিতে মাধ্যমিকের পরীক্ষা চলার কারণে পুলিশের অনুমতি না পাওয়ায় পূর্বনির্ধারিত বাবরি যাত্রার যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। 

এদিন পলাশী থেকে বাবরি যাত্রার সূচনাকালে বিশাল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। এমনকি যাত্রাপথে পুলিশের নজরদারি চোখে পড়ে। পাশাপাশি এই ‘বাবরি যাত্রা’ পথে বহু সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়। 

আগামী দুই মাসের মধ্যেই রাজ্যে বিধানসভার নির্বাচন। তার আগেই বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করে কার্যত চমক দিয়েছেন এই মুসলিম বিধায়ক। যদিও এই মসজিদ নির্মাণ শুরু হওয়াকে কেন্দ্র করে বিতর্ক কম হয়নি। ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয় তাকে। এমনকি বিজেপি সহ হিন্দুত্ববাদী সংগঠনের তরফ থেকেও হুমকি দেওয়া হয়েছিল বাবরের নামে মসজিদ তৈরি করা হলে তা ভেঙে ফেলা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here