নতুন করে ওঠা ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার রাসেল ব্র্যান্ডের

0
নতুন করে ওঠা ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার রাসেল ব্র্যান্ডের

লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে উপস্থিত হয়ে নিজের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও যৌন নির্যাতনের নতুন অভিযোগগুলো অস্বীকার করেছেন ব্রিটিশ তারকা রাসেল ব্র্যান্ড। মঙ্গলবার আদালতে হাজির হয়ে ৫০ বছর বয়সী এই অভিনেতা ও সঞ্চালক আনুষ্ঠানিকভাবে নিজেকে ‌‘নির্দোষ’ দাবি করেন।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে লন্ডনে দুই নারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে এই নতুন অভিযোগগুলো আনা হয়েছে। এর আগেও ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে লন্ডন ও বোর্নমাউথে চারজন নারীকে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যা তিনি আগেই অস্বীকার করেছেন। আগামী জুন মাসে সেই পুরোনো অভিযোগগুলোর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

এদিন আদালতে রাসেল ব্র্যান্ডকে বেশ নাটকীয় ভঙ্গিতে দেখা যায়। বুক খোলা চিতা বাঘের ছাপযুক্ত শার্ট এবং হাতে একটি ফেডোরা হ্যাট নিয়ে তিনি কাঠগড়ায় দাঁড়ান। আদালতে প্রবেশের সময় তার হাতে ছিল একটি বাইবেল, যার বিভিন্ন পাতায় বুকমার্ক করা ছিল। কাঠগড়ায় দাঁড়িয়ে কেবল নিজের নাম নিশ্চিত করা এবং অভিযোগের বিপরীতে ‘দোষী নই’ বলা ছাড়া তিনি আর বিশেষ কিছু বলেননি।

আগামী মার্চ মাসে একটি বিশেষ শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে, নতুন এই অভিযোগগুলো জুনের মূল বিচারের সঙ্গে যুক্ত করা হবে কি না। 

ব্র্যান্ডের আইনজীবী জানিয়েছেন, নতুন অভিযোগগুলোর বিষয়ে প্রস্তুতি নিতে তার মক্কেলের আরও সময়ের প্রয়োজন। আপাতত তাকে জামিন দেওয়া হয়েছে।

২০২৩ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস, দ্য টাইমস এবং চ্যানেল ফোর-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর পুলিশ রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করে। একসময়ের জনপ্রিয় এই কমেডিয়ান ও হলিউড অভিনেতা বর্তমানে তার মূলধারার ক্যারিয়ার ছেড়ে বিকল্প মিডিয়া ও আধ্যাত্মিকতা নিয়ে কাজ করছেন।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here