নওগাঁ হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

0
নওগাঁ হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জুনায়েদ সাকী জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বাসিন্দা।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, জুনায়েদ সাকী ঢাকা থেকে ট্রেনে করে সান্তাহার রেলওয়ে জংশনে নামেন। সেখান থেকে তিনি নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তবে ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি পৌঁছাননি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে হলুদ রঙের একটি পিকআপ ভ্যান তার ক্ষতবিক্ষত মরদেহ নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে হাসপাতালের কর্মচারীরা তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিষয়টি নিহতের পরিবারকে জানানো হলে তারাও হাসপাতালে উপস্থিত হন। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মরদেহটি সড়ক দুর্ঘটনায় নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here