নওগাঁর সাপাহারে এক স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার তুরিপাড়া এলাকায় চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন পাকা সড়কে দশম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তার পথরোধ করে। এ সময় তারা লাঠি, রড ও ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছাত্রীর কানে থাকা প্রায় আড়াই থেকে তিন আনা ওজনের স্বর্ণের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়। ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তথ্য প্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে সাপাহার থানা পুলিশ প্রধান আসামি মিজানুর ইসলামকে গ্রেপ্তার করে এবং তাঁর কাছে থেকে ছিনতাই হওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তিনি আরো জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

