ধামরাইয়ে রমজানের ২য় দিনে ২০ টাকা হালির লেবুর দাম বেড়ে ১২০

0

আখতার রাফি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করেছেন, লেবুর ভরি কত ?’ কারণ, বাজারে যেন স্বর্ণের দামের মতোই তরতরিয়ে বেড়েছে লেবুর দামও।

লেবু উৎপাদনের জন্য সুপরিচিত ধামরাই উপজেলাতেই বর্তমানে লেবুর দাম আকাশচুম্বী। স্থানীয় বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লার খুচরা দোকানে প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। কোথাও কোথাও খুচরা হিসেবে আরও বেশি দাম নেওয়ার অভিযোগও রয়েছে।

লেবুর সঙ্গে চিনি বা গুড়ের শরবত ইফতারে অনেকেরই পছন্দের পানীয়। প্রথম রোজায় চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাই লেবু যেন হয়ে উঠেছে ‘স্বর্ণের মতো’ দামি।

স্থানীয়দের দাবি, ধামরাইয়ে পর্যাপ্ত পরিমাণে লেবু উৎপাদন হওয়া সত্ত্বেও এভাবে দাম বৃদ্ধি অযৌক্তিক। বিশেষ করে পবিত্র রমজান মাসকে সামনে রেখে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করছেন ক্রেতারা।
ধামরাই বাজারে কথা হলে কয়েকজন ক্রেতা বলেন,
ধামরাই তো লেবুর জন্য পরিচিত এলাকা। এখানেই যদি ১০০/১২০ টাকা কেজি লেবু কিনতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?” অনেকেই জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

অন্যদিকে কিছু বিক্রেতার ভাষ্য, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ কম থাকার কারণেও দাম কিছুটা বাড়তি বলে দাবি তাদের।
তবে ভোক্তাদের জোর দাবি—বাজারে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ ছাড়া বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয় বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here