টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরুর প্রাক্কালে ইংল্যান্ডের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের সম্ভাব্য অলিখিত নিষেধাজ্ঞা। তবে এমন পরিস্থিতি দেখতে চান না ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর মতে, পাকিস্তানি ক্রিকেটারদের অনুপস্থিতিতে টুর্নামেন্টের রঙই ফিকে হয়ে যাবে।
সম্প্রতি দ্য হান্ড্রেডের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকানায় বড় পরিবর্তন এসেছে। চারটি দলে ভারতীয় বিনিয়োগ যুক্ত হয়েছে বলে জানা গেছে। বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, সংশ্লিষ্ট কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে পাকিস্তানি ক্রিকেটার না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকতে পারে। অন্য দলগুলোও সীমিত আকারে পাকিস্তানি ক্রিকেটার নেওয়ার পথে হাঁটতে পারে বলে আলোচনা চলছে।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার জেরে বহু বছর ধরেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ২০০৮ সালের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়নি। একইভাবে দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টিতেও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেয় না।
এ প্রসঙ্গে ব্রুক বলেন,’আমাদের মূল মনোযোগ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। দ্য হান্ড্রেড আমাদের বিষয় নয়। তবে পাকিস্তান দীর্ঘদিন ধরেই শক্তিশালী ক্রিকেট জাতি। নিলামে তাদের ৫০-৬০ জন ক্রিকেটার আছে। তাদের কয়েকজনকে এখানে না দেখতে পারা হতাশাজনক হবে।’
তিনি আরও যোগ করেন,’ওখানে দারুণ সব ক্রিকেটার আছে, যারা মাঠে অনেক দর্শক টেনে আনে। পাকিস্তানের কয়েকজন খেলোয়াড় থাকলে টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। না থাকলে সেটি দুঃখজনক হবে।’
জানা গেছে, পাকিস্তানের ৬৩ জন ক্রিকেটার এবারের নিলামে নাম লিখিয়েছেন। আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের প্লেয়ার ড্রাফট।

