দ্বিতীয় দিনেও ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন

0
দ্বিতীয় দিনেও ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন কারাগারে থাকা কারাবন্দি ভোটাররা দ্বিতীয় দিনের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। 

কারা সূত্র জানায়, বন্দি ভোটারদের মধ্যে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন উভয় শ্রেণির কয়েদি রয়েছেন। ভোটার তালিকায় নারী বন্দির পাশাপাশি ৪০০ জনের বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিও অন্তর্ভুক্ত রয়েছেন।

সূত্রের দাবি, অধিকাংশ কারাবন্দি ভোটারের কাছে দুটি প্রতীকই বেশি পরিচিত-ধানের শীষ ও নৌকা। যেহেতু এবার নৌকা প্রতীক নেই, তাই কারাবন্দি ভোটারদের কাছে ধানের শীষই সবচেয়ে জনপ্রিয় প্রতীক হিসেবে উঠে এসেছে। পাশাপাশি অল্পকিছু ভোট দাঁড়িপাল্লা ও লাঙ্গল প্রতীকেও পড়েছে। 

এদিকে জানা গেছে, রাজনৈতিক বন্দিদের মধ্যে সাবেক দুই মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ আনুমানিক ২২ জন ভোটার হিসেবে নিবন্ধিত হলেও আজ পর্যন্ত তারা ভোটাধিকার প্রয়োগ করেননি। শুক্রবার ভোটগ্রহণ কার্যক্রমের শেষ দিন হলেও ধারণা করা হচ্ছে, তারা আর ভোট দিতে ইচ্ছুক নন।

বৃহস্পতিবার কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে মোট ১০২ জন নিবন্ধিত ভোটারের মধ্যে এ পর্যন্ত ভোট প্রদান করেছেন ৩৯ জন সাজাপ্রাপ্ত কয়েদি ও ১২ জন হাজতি।

সূত্র জানায়, আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের অনুসারী হিসেবে পরিচিত যেসব রাজনৈতিক ব্যক্তি বর্তমানে কারাবন্দি রয়েছেন, তারা ভোটার হলেও এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেননি। এদের মধ্যে ইনু ও মেননসহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন।

অন্যদিকে, ছাত্র–জনতার আন্দোলন বিরোধিতার অভিযোগে বন্দি কিছু পুলিশ কর্মকর্তা ও সাবেক সচিব ইতোমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে কারা সূত্র নিশ্চিত করেছে।

কারা সূত্রে আরও জানা যায়, বন্দি ভোটারদের একটি বড় অংশ জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন। কারাগারের ভেতরেই নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি–মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কারাবন্দি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই ভোটগ্রহণ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

তিনি আরও জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরানীগঞ্জ) দেশের বিভিন্ন কারাগারে এ পর্যন্ত কারাবন্দিদের সর্বমোট ৩ হাজার ৬৪৭টি ভোট পড়েছে।

সূত্র: বাংলানিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here