দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের

0
দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত সাময়িকভাবে থেমে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আগামী দুই সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান হামলা স্থগিত করার ঘোষণা দিলেও নতুন কোনো আক্রমণ হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ার অবস্থান থেকে সরে আসেনি।

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, রিপাবলিকান দলের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলির‌্যালিতে ট্রাম্প বলেন, আমরা খুবই কঠোর একটি দল হিসেবে কাজ করেছি এবং আমার মনে হয় আমরা এই লড়াইয়ে এগিয়ে আছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে যখন আমরা পূর্ণ বিজয় ঘোষণা করব, তখনই প্রকৃত অর্থে জয় হবে।

তিনি আরও বলেন, এটি হবে (ইরানের বিরুদ্ধে) সম্পূর্ণ বিজয়। খুব শিগগিরই তা ঘটবে এবং তখন তেলের দাম দ্রুত কমে আসবে।

এর আগে, সোমবার ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে একই সঙ্গে তারা সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে ‘বিধ্বংসী’ জবাব দেওয়া হবে।

ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরানের জবাব থেকে ইসরায়েল ও তার মিত্রদের শিক্ষা নেওয়া উচিত ছিল।

চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলার পর আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পায়। এর প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে ইসরায়েলও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা শুরু করে।

পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে ইসরায়েল ও ইরানকে ‘অবিলম্বে’ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

একই দিন সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে লড়াই ‘এ মুহূর্তের জন্য’ বন্ধ রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের ওপর আবার হামলা হলে তারাও জবাব দেবে।

সূত্র : আনাদোলু এজেন্সি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here