ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মাঝে পড়ে ওসমান আলী (৪০) নামে এক ভ্রাম্যমাণ হকার নিহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান আলী পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা হলেও তার আদি বাড়ি মহেশপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে উঠে ফেরি করে পণ্য বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, বিকেলে শাপলা পরিবহনের একটি বাসের পাশ দিয়ে একই পরিবহনের আরেকটি দ্রুতগতির বাস ওভারটেক করার চেষ্টা করে। এ সময় পিছন দিক থেকে আসা দুটি বাসের মাঝখানে আটকা পড়ে যান হকার ওসমান আলী। প্রত্যক্ষদর্শীদের মতে, চিৎকার করলেও বাস দুটি গতি না কমিয়ে প্রতিযোগিতা চালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম লাজুক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বুকে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

